‘আমাদের শেষ সুযোগ’

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ০০:৫১

লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, ইজেকুইয়েল লাভেজ্জি, হাভিয়ের ম্যাশেরানো... দক্ষ নাবিকের কমতি নেই জাহাজে। তারপরও কোথায় একটু খুত। কম্পাস হাতে বন্দর ভেবে তীরের কাছে গিয়ে মনে হয় সবকিছু মরিচীকা।

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার বর্তমান প্রজন্মের গল্পটাই এ রকম। তিন তিনটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলল তারা। অথচ একবারও আকাশি-নীল হয়নি উত্সবের রঙ! আসন্ন রাশিয়া বিশ্বকাপে কি ব্যর্থতা মুছতে পারবে আলবিসেলেস্তেরা? উত্তরা হ্যাঁ বা না যাই হোক, মেসি মনে করছেন, এটাই তাদের প্রজন্মের বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ।

আর্জেন্টাইন জাদুকর বলেন, ‘জনগণের কাছে আমাদের কোনো দেনা নেই। বরং ঋণটা আমাদের নিজের কাছে নিজেদের। আমরা সব সময় নিজেদের উজাড় করে দিয়েছি। তিনবার ফাইনালে উঠেছি। কিন্তু শিরোপা উল্লাস করতে পারিনি। হয়তো ঈশ্বরই চাননি। রাশিয়াই আমাদের শেষ সুযোগ। হ্যাঁ, শেষ সুযোগ এখন, নয়তো আর কখনো নয়। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রজন্ম বিদায় নেবে। দলে অনেক পরিবর্তন আসবে।’

ব্রাজিলে ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে কান্না নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের। এরপর চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে দুই দুইবার হারে তারা। সহ-অধিনায়ক ম্যাশেরানো ইতিমধ্যে রাশিয়া বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন বলে জানিয়েছেন। বিশ্বকাপ চলাকালীন মেসির বয়স হবে ৩১ বছর। ডি মারিয়া, অ্যাগুয়েরো, হিগুয়াইনরাও পা রাখবেন ৩০ এর কোটায়। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তাই আর্জেন্টিনা দলে আধিক্য থাকতে পারে অপেক্ষাকৃত নতুনদের।

নিজের প্রজন্মের শেষ সুযোগ বললেও রাশিয়া বিশ্বকাপে নিজেদের ফেবারিট ভাবছেন না মেসি। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘আর্জেন্টিনা সব সময়ই বিশ্বকাপের দাবিদার। কারণ আমরা আর্জেন্টিনা। আর এটা বড় আসর। কিন্তু বাস্তবতা হচ্ছে, খেলা, আমাদের কোয়ালিফাই করার ধরন, সময়- সবকিছু মিলিয়ে এবার আমরা ফেবারিট নই। আমাদের চেয়ে আরো অনেক ভালো দল আছে যেমন স্পেন, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স। তারা সবাই আমাদের চেয়ে ফেবারিট।’

ব্রাজিল বিশ্বকাপে শিরোপার পাশ দিয়ে মেসির হেঁটে যাওয়া এখনো কষ্ট দেয় আর্জেন্টাইন ভক্তদের। সেই স্মৃতি মনে করে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী বলেন, ‘বিষাদগ্রস্ত ইমেজ। আমরা শিরোপা উচিয়ে ধরতে না পেরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। হারের পর খুব রাগ হয়, নিজেকে অথর্ব মনে হয়। পারজয়টা কষ্ট দেয়।’-মার্কা

ইত্তেফাক/নূহু