হাসিবুল হোসেন নামে (৫০) এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত আটটার দিকে শহরের টিএ রোড এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হাসিবুল জেলার কসবা উপজেলার গোপীনাথ গ্রামের মৃত আনু সরদারের ছেলে।
পুলিশ জানায়, প্রতারক হাসিবুল দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন দোকান থেকে সদর থানার পুলিশ অফিসার পরিচয় দিয়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেত। মঙ্গলবার রাতে একইভাবে সে যখন পুলিশ পরিচয় দিয়ে ক্ষুদে ফল ব্যবসায়ী নির্মলের কাছ থেকে দুই কেজি আনার চায়, তখন বিষয়টি সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানা নিয়ে আসে।
পুলিশ জানায়, একাধিক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/নূহু
