১২ মে কর্ণাটকে বিধান সভা নির্বাচন

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ০৯:২৭

 

ভারতে ২০১৯ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের দামামা বাজছে। আগামী ১২ মে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচন। ১৫ মে ফল প্রকাশ। ২২৪ আসনের বিধানসভা জাতীয় কংগ্রেসের দখলে রয়েছে। যদিও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮ আসনের মধ্যে ১৭ আসন জিতেছিল। সমীক্ষা বলছে, আসন বাড়াতে পারলেও বিজেপির কর্ণাটকে জেতার সম্ভাবনা কম। যদিও বিজেপির দাবি প্রতিষ্ঠান বিরোধিতার কারণে তাদের ভাগ্যে এবার শিকে ছিঁড়বে।

যদিও কর্ণাটকে নির্বাচনের দিন ঘোষণাকে কেন্দ্র করে বিতর্ক পিছু নিয়েছে বিজেপির। নির্বাচন কমিশনের আগেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে ভোটের দিন ঘোষণা করে দেন। তিনি জানান, ভোট হবে ১২ মে। গণনা ১৮ মে। বিষয়টি নিয়ে সমালোচনা প্রবল হতে থাকায় তিনি অবশ্য টুইট মুছে দেন। খোঁচা দিয়ে জাতীয় কংগ্রেস বলেছে, ‘বিজেপি সুপার নির্বাচন কমিশন হয়ে উঠেছে।’

২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি জিতে ভারতে ক্ষমতায় আসার পর মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড, আসাম, মণিপুরের মতো রাজ্য কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। কংগ্রেসের হাতে এখন যে চার রাজ্য রয়েছে, তার মধ্যে কর্ণাটক অন্যতম। আগামী বছর লোকসভা ভোটের আগে দক্ষিণ ভারতের এই রাজ্যের নির্বাচন মোদী-রাহুল লড়াইয়ের সেমিফাইনাল হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপি বেশি আসন পেলেও বিধানসভা ভোটে ফল আলাদা হবে বলেই দাবি করেছে কংগ্রেস। আর বিজেপি মহলের দাবি তারাই জিতবে। তবে তাদের শঙ্কা বাড়িয়েছে সাম্প্রতিক একটি সমীক্ষা। সি-ফোর সংস্থার সমীক্ষায় বলা হয়েছে জাতীয় কংগ্রেস জিততে পারে ১২৬ আসন। বিজেপি ৭০ এবং জনতা দল (সেকিউলার) সর্বোচ্চ ২৭ আসন পেতে পারে। অবশ্য কংগ্রেসই এই সমীক্ষা করিয়েছে।

 

উল্লেখ্য, ৫ বছর আগে এই সংস্থারই সমীক্ষায় বলা হয়েছিল কর্ণাটক বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস ১১৯ থেকে ১২০ আসনে জিততে পারে। কংগ্রেস জিতেছিল ১২২টি আসন।

ইত্তেফাক/মোস্তাফিজ