সৌদি আরবের রিয়াদে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ২৭ মার্চ রিয়াদের কূটনৈতিক এলাকায় এক সংবর্ধনার আয়োজন করে। এতে রিয়াদ গভর্নরের এডভাইজর Shahmi bin Shuwaimi bin Fuaiz, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ডিফেন্স এ্যটাশে, আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধি, সৌদি আরবের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, কমিউনিটির নেতাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ, মিশন উপ-প্রধান ড. নজরুল ইসলাম অতিথিদের স্বাগত জানান। রাষ্ট্রদূত, উপমিশনপ্রধান প্রধান অতিথিকে নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন।
এ উপলক্ষে রাষ্ট্রদূত গোলাম মসীহ বক্তৃতার শুরুতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। রাষ্ট্রদূত দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
গোলাম মসীহ আরো বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের প্রথম ধাপ অতিক্রম করেছে এবং উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি লাভ করেছে যা এবার স্বাধীনতা দিবস উদযাপনে আনন্দের নতুন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিগত ৯ বছরে এ উন্নয়ন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করে।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে উন্নয়নের অংশীদার হতে পারে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবার লক্ষে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত।
ইত্তেফাক/ইউবি
