প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষে সৌদি আরবের রিয়াদ দূতাবাসে ‘এক্সপার্টিয়েটস ডিজিটাল সেন্টার বা প্রবাসী সেবা কেন্দ্র’ নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। কর্মশালায় সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণ ও দূতাবাসের কনস্যুলার সেবা প্রদানকারী কর্মচারীগণ যোগ দেন। কর্মশালা পরিচালনা করেন প্রবাসী সেবা কেন্দ্রের ফোকাল পয়েন্ট দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ বশির।
এ উপলক্ষে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সহজে ও দ্রুত সেবা প্রদানের লক্ষে প্রবাসী সেবা কেন্দ্র পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী দূতাবাস জনগণের কাছে সেবা পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সৌদি আরবের বিভিন্ন শহরে আরো প্রবাসী সেবা কেন্দ্র চালু করা হবে। দূতাবাসে সেবা নিতে এসে কেউ কোন প্রকার হয়রানীর শিকার হলে তা সরাসরি অভিযোগ করার অনুরোধ জানান তিনি। রাষ্ট্রদূত বলেন ভবিষ্যতে এসব সেবা কেন্দ্র থেকে জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে।
মিশন উপ-প্রধান ড. নজরুল ইসলাম বলেন, প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে। দূর দূরান্ত থেকে প্রবাসীদের সেবা নেয়ার জন্য আর দূতাবাসে আসার প্রয়োজন হবেনা। তারা নিকটস্থ সেবা কেন্দ্র থেকে জরুরী সেবা গ্রহণ করতে পারবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় সৌদি আরবে প্রবাসীদের সেবা প্রদানের লক্ষে ৬ টি সেবা কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব সেবা কেন্দ্র থেকে খুব কম খরচে যেকোনো সময় প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের জরুরী সেবা দেয়া হয়ে থাকে। এ সময় আরো বক্তব্য দেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং এর প্রথম সচিব কাজী নুরুল ইসলাম ও প্রেস উইং এর দ্বিতীয় সচিব ফখরুল ইসলাম।
ইত্তেফাক/সেতু
