শ্রেণিকক্ষে রাবি অধ্যাপকের মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৮:২৪
শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিভাগের প্রথম বর্ষের ক্লাস নেয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
 
বিভাগের শিক্ষার্থীরা জানান, সকাল ৯টার দিকে তিনি বিভাগের প্রথম বর্ষের ক্লাস নিচ্ছিলেন। এসময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে (রামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন।
 
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক আজিজুল হক বলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি আমাদের সাথে কথা বলছিলেন। হাসাপাতালে প্রথমে তার ডায়াবেটিস পরীক্ষা করা হয়। বুকে ব্যথা অনুভব করায় হার্ট অ্যাটাক হয়েছে কিনা পরীক্ষা করার সময় তার মৃত্যু হয়। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক আমাদের জানিয়েছেন। বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/আরকেজি