উত্ত্যক্তের অভিযোগে যুবককে পেটালো ছাত্রলীগ

আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৭:৪৯
ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মো. শাহীন মীর্জা (২৯) নামে এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। শাহিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মো. আব্দুর রউফের ছেলে।
 
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে থেকে পুলিশে দেয়ার সময় তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
 
ভুক্তভোগী ছাত্রী জানান, ‘বেশ কয়েকদিন ধরে শাহীন আমাকে ফেসবুকে খারাপ খারাপ মেসেজ দেয়াসহ বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। পরে আমি তাকে ক্যাম্পাসে দেখা করতে বলি। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহীন ক্যাম্পাসে আসলে আমি আমার কয়েকজন বন্ধুকে বিষয়টি জানাই। পরে তারা ছাত্রলীগের সহায়তায় শাহীনকে আটক করে পুলিশে দেই।’
 
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘ওই ছাত্রীকে বেশ কয়েকদিন থেকে উত্ত্যক্ত করা হচ্ছিল বলে তার বন্ধুরা আমাকে জানায়। পরে আমরা শাহীনকে আটক করে পুলিশে দেই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহীনের মোবাইল আমাদের কাছে ছিল। সেটি আমরা প্রক্টরের কাছে জমা দিয়েছি।’
 
জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব আলম বলেন, ‘ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এখনো কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি। জিজ্ঞাসাবাদ চলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি