কালিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

আপডেট : ৩০ মার্চ ২০১৮, ২০:২৭
এলাকার আধ্যিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের  সংঘর্ষে ২০জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার নওয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
 
পুলিশ ও আহতরা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বাসিন্দা কালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পুরুলিয়া ইউপি চেয়ারম্যান হারুনার রশীদ ও পুরুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য মনি মিয়ার মধ্যে এলাকার অধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলে আসছিল। মনি মিয়া গ্রুপের সমর্থক রিপন শেখ (৩০) পার্শ্ববর্তী বারইপাড়া বাজারে যাওয়ার পথে নাসির শেখের নেতৃত্বে হারুন গ্রুপের সমর্থকরা তাকে মারপিট করলে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ২০জন আহত হন। আটক হয়েছেন তিনজন।
 
চেয়ারম্যান মনি মিয়ার মোবাইল ফোনে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেন নি। অপর দিকে কালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
 
কালিয়া থানার ওসি শেখ শমশের আলী বলেছেন, ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ৩জনকে আটক করা হয়েছে। কেউ এখনও অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি