ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ হতে সান্ধ্যকালীন কোর্সের এক ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ছাদ হতে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছে।
তানভীর নামে ওই ছাত্র এমবিএ অ্যাকাউন্টিং এর শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ব্যবসায় অনুষদের ডিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, কমার্স ফ্যাকাল্টির উপর থেকে এক ছাত্র লাফ দিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। প্রক্টরিয়াল মোবাইল টিম আমাকে জানিয়েছে যে, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। ওই ছাত্রের যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, মানিব্যাগ, মোবাইল রেখে ওই ছাত্র লাফ দেয় বলে জানতে পেরেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী বলেন, ওই ছাত্রের লাশ ঢাকা মেডিকেল মর্গে আছে। সবাই বলছে আত্মহত্যা করেছে। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।
ইত্তেফাক/নূহু
