ছাত্রলীগ আয়োজিত এক প্রীতি ম্যাচ দেখতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আসেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রলীগ এই খেলার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে এই ম্যাচে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বাধীন শেখ কামাল একাদশকে ২০ রানে হারায় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নেতৃত্বাধীন শেখ জামাল একাদশ।
বেলা ১১টার পর ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাট করতে নেমে শেখ জামাল একাদশ ২০ ওভারে ২১৪ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই জবাব দেয় শেখ কামাল একাদশ। কিন্তু নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে তারা ১৯৪ রান তুলতে সমর্থ হয়।
ম্যাচের প্রথম ইনিংস শেষে মাঠে আসেন মাশরাফি। শিক্ষার্থী ও খেলোয়াড়দের উদ্দেশ্যে মাশরাফি বলেন, আমরা যখন কোনো ম্যাচ জিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আনন্দ-মিছিল হয়। এই আনন্দ-উল্লাস আমরা টিভিতে দেখি।আমাদের ভালো লাগে।
প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয়।
ইত্তেফাক/আরকেজি
