কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ২১:২৬
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে এবার গণপদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হাসানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুহাম্মদ রাশেদ খাঁন বলেন,  কোটা সংস্কারের দাবিতে আগামী ৮ এপ্রিল দেশের সকল বিশ^বিদ্যালয়, জেলা, উপজেলা পর্যায়ে গণপদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে গণপদযাত্রা কর্মসূচি পালন করবে কেন্দ্রীয় কমিটি। 
 
তিনি আরও বলেন, কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে দেশের প্রতিটি বিশ^বিদালয়, কলেজ ও জেলা পর্যায়ে তরুণরা সমাজ অহিংস আন্দোলন করে আসছে। আন্দোলনের তীব্রতা এখন শহর থেকে গ্রামে। কিন্তু দুঃখের বিষয় বৈষম্যমূলক যৌক্তিক কোটা সংস্কারের পক্ষে সরকারের উচ্চ পর্যায়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আন্দোলনকারীরা সরকারি চাকরির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কোটা শিথিল বিষয়ক ঘোষণার পূর্ণ বাস্তবায়ন ও তাদের পাঁচ দফা দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। 
 
তারা আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোটায় প্রার্থী পাওয়া না গেলে তা মেধায় পূরণ করা হবে। কিন্তু গতকাল (সোমবার) মন্ত্রণালয় থেকে কোটা বিষয়ক ধোঁয়াশাপূর্ণ ও অস্পষ্ট পরিপত্র জারি করা হয়েছে। এটা প্রধানমন্ত্রীর ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক বলে তারা দাবি করেন। 
 
কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবিগুলো হলো- কোটা ব্যাবস্থা সংস্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্যপদে মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা এবং চাকুরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিক বার ব্যাবহার না করা।
 
ইত্তেফাক/রেজা