প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার ঢাকা-হোমনা সড়কে গোমতী নদীর ওপর গৌরীপুর-হোমনা সেতু ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।
২০১০ সালের ৭ নভেম্বর দাউদকান্দি ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ প্ল্যান্ট উদ্বোধন পরবর্তী তিতাস উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় এই সেতুটি নির্মাণ করে দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৭ সালে ১০ কোটির অধিক টাকা ব্যয়ে ১১২ দশমিক ৬১ মিটার দীর্ঘ এবং ১০ দশমিক ২৫ মিটার প্রশস্ত সেতুটি সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ করে এবং গতবছর ঈদ উল আযহার পূর্বে যানবাহন চলাচলের জন্য এই সেতুটিসহ একই সড়কে একই দিনে শিবপুর, মৌটুপি, আদিরখাল সেতু খুলে দেয়া হয়।
গৌরীপুর-হোমনা সেতু নির্মাণের ফলে দাউদকান্দি, হোমনা, তিতাস, মেঘনা, বাঞ্ছারামপুর, মুরাদনগর এই ৫টি উপজেলার জনগণের সড়ক পথে চলাচলের পথ সুগম হয় এবং এই সেতুটি নির্মাণের পূর্বে এক লেনের বেইলি সেতুতে পারাপারের কারণে গৌরীপুর বাজার এবং নদীর উত্তর পাশের যে নিত্য দিনের যানজট ছিল তার অবসান ঘটে এবং জনগণের চিরদিনের দুর্ভোগ নিরসন হয়।
ইত্তেফাক/এসএস
