কক্সবাজারের টেকনাফে পৃথক সড়ক দুঘর্টনায় এক রোহিঙ্গা শিশু ও মোটরচালকসহ দুইজন নিহত হয়েছে। জানা গেছে, বুধবার বেলা পৌণে ১২টার দিকে উপজেলার হ্নীলা মোচনী গেইট সংলগ্ন এলাকায় টেকনাফ থেকে একটি খালি ডাম্পার গাড়ি লালু মিয়ার মেয়ে ইসমত আরাকে (৪) ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়ার পরপরই ওই শিশু মৃত্যুবরণ করে। এই ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এএসআই রাজু ঘটনাস্থল পরিদর্শন করেন। উভয়পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় শিশুটি স্থানীয় গোরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
অপরদিকে দুপুর দেড়টার দিকে টেকনাফ থেকে মোটরসাইকেল নিয়ে সাবরাং যাওয়ার পথে ডেইল পাড়ার হোছন আহমদের পুত্র কবির আহমদ (২৪) টানা ব্রিজ এলাকায় পৌঁছলে দুঘর্টনার কবলে পড়ে গুরুতর আহত ও রক্তাক্ত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পূর্বেই সে মারা যায়।
ইত্তেফাক/এমআই
