খুলনায় পিস্তল ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৫:৫১
খুলনায় নাইন এমএম পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর হাজী মহসিন রোড এলাকা থেকে র‌্যাব-৬’র সদস্যরা তাদের গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর লবণচরাস্থ মোক্তার হোসেন সড়কের ফারুক মোল্লার ছেলে মো. মিরাজ মোল্লা (২৮)। তার বাড়ি তেরখাদা উপজেলার হাড়িখালি গ্রামে। তার বিরুদ্ধে খুলনা থানায় মারামারি ও ডাকাতির ঘটনায় তিনটি মামলা রয়েছে। ডাকাতি মামলায় ১৭ বছরের সাপজাপ্রাপ্ত আসামি তিনি। অপরজন হলেন মো. মাসুম সরদার (৩০) নগরীর গল্লামারি এলাকার নূর ইসলাম সরদারের ছেলে। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে। 
 
র‌্যাব-৬’র কোম্পানি কমান্ডার (সিপিসি-১) লে. কমান্ডার এএমএম জাহিদুল কবীর জানান, গোপন খবরের ভিত্তিতে নগরীর হাজী মুহসিন রোড এলাকায় অভিযান চালানো হয়। প্রথমে অস্ত্র ব্যবসায়ী মাসুম সরদারকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অপর অস্ত্র ব্যবসায়ী মিরাজ মোল্লাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় খুলনা থানায় অস্ত্র মামলা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি