নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার চলাকালীন এক পরীক্ষার্থী এবং ভুয়া পরীক্ষার্থীকে হল পরিদর্শক আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে এ দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম তাদের এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।
কবিরহাট থানার ওসি মির্জা মো. হাছান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবিরহাট কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী হাফিজ উদ্দিন কবিরহাট কলেজ পিয়ন। তার পরিবর্তে নুরুল ইসলাম নামের একজন ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা দিতে দেখে হল পরিদর্শক তাকে আটক করে। এরপর হাফিজ উদ্দিনকে করা হয়। আটকৃত দুইজনকে পুলিশে সোপর্দ করার পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হলে আদালত এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত হাফিজ উদ্দিন কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং নুরুল ইসলাম একই উপজেলার চরআলগী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
ইত্তেফাক/আরকেজি
