বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে ভীমেরপাড়-মাহিলাড়া খালের মধ্যে বৃহস্পতিবার দুপুরে পুনরায় পাকা ভবন নির্মান কাজ শুরু করেছে প্রভাবশালীরা।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কয়েকজন শ্রমিক লাল নিশানার (খালের সীমানা নির্ধারণ করা) মধ্যে নির্মান কাজ করছে। এছাড়া সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মানের জন্য ব্যস্ততম সড়কে নির্মান সামগ্রী রাখা হয়েছে। এ কারণে চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়ে সরকারি খাল মেপে লাল নিশানা উড়িয়ে দিলেও তা মানছেন না প্রভাবশালীরা।
জানা গেছে, ওই এলাকার সহস্রাধিক কৃষকের বোরো চাষের সুবিধার্থে ভীমেরপাড়-মাহিলাড়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এক কিলোমিটার অংশ বিএডিসির অর্থায়নে গতবছর খনন করা হয়েছিলো। একবছর না যেতেই সরকারি খাল অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন মাহিলাড়া গ্রামের আলমগীর বয়াতী ও বাঘার গ্রামের বাবুল আকন। তারা খালের বৃহৎ অংশ অবৈধভাবে দখল করে এক সপ্তাহ পূর্বে কতিপয় ভাড়াটিয়া লোকজনের সহায়তায় পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে।
বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রভাবশালীদের নির্মান কাজ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরকারী সার্ভেয়ার নিয়ে খাল মেপে লাল নিশানা উড়িয়ে দেয়। ওই নিশানার মধ্যে দখলকারীদের কাজ না করার জন্য নির্দেশ দেয়া হয়।
সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে লাল নিশানার মধ্যেই পূণরায় দখলদাররা শ্রমিক নিয়ে কাজ শুরু করেছে।
ইত্তেফাক/নূহু
