বগুড়ার সারিয়াকান্দিতে দীর্ঘদিন ধরে ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মান সম্পন্ন শিক্ষা প্রদান ব্যাহত হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক নিয়োগ না দেওয়ায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা প্রায়শই উপজেলা সদরে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় শ্রেণী কক্ষে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছেন না। এছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ বিদ্যালয়ে উন্নয়নসহ বিভিন্ন কাজে সিদ্ধান্ত নিতে পারেন না । প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ক্লাসে সময় দেওয়া সম্ভব হয়না। এতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাহত হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল আলম জানান, প্রধান শিক্ষকের শূন্য পদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এছাড়া সহকারী শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়া চলছে। অচিরেই সহকারী শিক্ষকদের পদোন্নতি হলে এসব সমস্যা দ্রুত সমাধান হবে।
ইত্তেফাক/এসএস
