নিখোঁজের দু'দিন পর নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৪:৩৬
নিখোঁজের দুইদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শহরের মেঘনা নদী থেকে এক চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টায় শহরের স্টেশন রোড এলাকার মেঘনা নদীর আলকাস মিয়া ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহতের নাম আমজাদ আলী (৫৫)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চিলিপুর গ্রামের মৃত মজিদ আলীর ছেলে।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
জানা যায়, বুধবার রাত ৮টার পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আমজাদ আলীকে। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পর সকালে আমজাদ আলীর লাশ স্থানীয়রা মেঘনা নদীতে ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আমজাদ আলী দীর্ঘদিন যাবত বাজারের একটি চাতালকলে কাজ করতেন।
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, গতকাল বুধবার রাত থেকে নিখোঁজ ছিল আমজাদ আলী। এঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। খবর পেয়ে নিহতের লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
 
ইত্তেফাক/এসএস