কেশবপুরে দু‌'টি খালের পুনঃখনন কাজের উদ্বোধন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৬:১৯
যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসনের জন্যে উপজেলার শ্রীফলা ও তরুয়ার খালের পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ওই খাল দু’টি পুনঃখননের আওয়াতায় নেয়া হয়। 
 
শুক্রবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে শ্রীফলা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। বিএডিসি যশোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেন, এই এলাকায় জলাবদ্ধতা ছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে কপোতাক্ষ নদ খনন প্রকল্প হাতে নেয়। ২৬২ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ খনন কাজ সম্পন্ন হওয়ায় এখন আর বন্যা ও জলাবদ্ধতা না থাকায় নদ অববাহিকায় হাজার হাজার হেক্টর জমিতে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন হচ্ছে। 
 
এ বছর সরকার কেশবপুরের হরিহর, বুড়িভদ্রা, আপারভদ্রা নদী ও ছোট ছোট খাল পুনঃখননে প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড খনন কাজ শুরু করবে। একাজ সম্পন্ন হলে কেশবপুরের জলাবদ্ধতা নিরসন হবে। এছাড়াও ফসল উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন বিলের মধ্যে ছোট ছোট খাল পুনঃখননের জন্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল্লাহ আল রশিদ, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানূর রহমান, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর আবু, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম। 
 
উল্লেখ্য, ১৭ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে উপজেলার মজিদপুর ইউনিয়নের শ্রীফলা ও তরুয়ার খালের ২ কিলোমিটার পুনঃখনন করা হবে। 
 
ইত্তেফাক/এমআই