ভাণ্ডারিয়া পৌর শহরের পূর্ব-ভাণ্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে শুক্রবার বাদ জুমা দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার মৃত্যুবার্ষিকী এবং সদ্য প্রয়াত তার স্ত্রী হালিমা বেগমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত ছাড়াও বিশেষ ভোজের আয়োজন করা হয়।
এসময় তাদের বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন নিজাম মিয়া, মেঝ ছেলে গার্মেন্টস ব্যবসায়ী মো. মাহমুদ হোসেন ও ছোট ছেলে ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আত্মীয়, স্বজন এবং বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো নারী-পুরুষ শরিক হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম। এদিকে এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এতিমখানা, লিল্লাবোর্ডিং এ দোয়া মোনাজাত ও বিশেষ ভোজের আয়োজন করা হয়।
ইত্তেফাক/আরকেজি
