রাজশাহীতে মহাসড়কে কাগজপত্র তল্লাশির নামে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক সার্জেন্টকে পিটিয়েছেন ট্রাক শ্রমিকরা। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর নওদাপাড়া নতুন বাসটার্মিনালের অদূরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
এসময় শ্রমিকরা অভিযুক্ত সার্জেন্ট রবিউল ইসলামকে প্রত্যাহারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে নগরীর আমচত্বর হয়ে বাইপাস সড়ক দিয়ে নাটোরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। এসময় মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ট্রাকটির গতিরোধ করে সার্জেন্ট রবিউল কাগজপত্র দেখতে চান। এনিয়ে চালক ও শ্রমিকদের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে সার্জেন্টকে পেটান। পরে তারা সার্জেন্ট রবিউলকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে একঘণ্টা জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এসময় পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের অভিযোগ, সার্জেন্ট রবিউল চাঁদা দাবি করায় শ্রমিকরা প্রতিবাদ করেন। পরে সন্ধ্যার আগে অববরোধ তুলে নেন তারা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক কর্মকর্তা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
