জাবিসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ২১:১৫
বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়া মঞ্চে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক সমিতির পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
 
সমিতির সাধারণ সম্পাদক নিলয় মামুুনের সঞ্চালনায় ও সভাপতি নুর আলম হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. ফরিদ আহমদ, জাবিসাস এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ শহীদুল হক মঞ্জু এবং সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন বক্তব্য রাখেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে জাবিসাস এই বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডকে তুলে ধরে বিশ্বের বুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরিচিত করে আসছে।
 
তিনি আরো বলেন, গঠনমূলক কর্মকাণ্ড মানুষের যোগ্যতা বৃদ্ধি পায়। আর দীর্ঘ দিন ধরে এ কাজটিই করে আসছে জাবিসাসের সদস্যরা। এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ শহীদুল হক মঞ্জু ও সম্পাদক কাজী জাকির হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির গৌরবোজ্জ্বল ইতিহাস অক্ষুণ্ন রাখতে কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও কর্মঠ হওয়ার তাগিদ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে সপ্তম ছায়া মঞ্চে এসে শেষ হয়। বিকালে সাবেক-বর্তমান সদস্যদের অংশগ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন ও প্রক্টরিয়ার টিমের অন্যান্য সদস্যরা, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক, জাবিসাসের সাবেক নেতারাসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সাংস্কৃতিক জোট, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি