'বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে'

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৩:৫৬
বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু দরিদ্র কৃষক ও জেলেদের নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। সে স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কোস্টগার্ড বাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
 
আজ শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে কোস্টগার্ড ঢাকা জোনের আয়োজনে গরীব ও মৎস্যজীবীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ এবং স্থানীয় গরীব, দুস্থ, অসহায়নারী-শিশু, পঙ্গুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উদ্বোধনপূর্বক প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
 
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা গনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ডের ঢাকা জোনের কমান্ডার রেজাউল হাসান, সহকারী গোয়েন্দা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার প্রমুখ।
 
অনুষ্ঠানে সহস্রাধিক গরীব, দুস্থ, অসহায় নারী-শিশু, পঙ্গুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং দুই শতাধিক দরিদ্র মৎস্যজীবীর মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী নিয়মিতভাবে উপকূলীয় অঞ্চলে গরীব ও দুস্থদের মাঝে চিকিৎসাসেবা এবং মৎস্যজীবী সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় উপকূলীয় অঞ্চলে গরীব জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করে আসছে। তিনি আরো বলেন, এই কোস্টগার্ড বাহিনী ২০১৭ সালে অস্ত্রসহ ২শ' ৬৩জন ডাকাতকে আটক করতে সক্ষম হয় এবং একই বছর সমূদ্রে বিপন্ন ৯৮জন জেলেকে উদ্ধারের মাধ্যমে কোস্টগার্ড বাহিনী মানবিক সহায়তার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে।
 
কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক আরো বলেন, বিগত বছরগুলোতে কোস্টগার্ড বাহিনীর তৎপরতায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মা ইলিশ সংরক্ষণের ফলে ইলিশসহ বিভিন্ন ধরণের মাছে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ।
 
ইত্তেফাক/এসএস