পাবনায় এইচএসসি ও আলিম পরীক্ষায় নকল করার অভিযোগে ১৯ পরীক্ষার্থীকে বহিষ্কার ও নকলে সহযোগিতা করায় ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার এইচএসসি পরীক্ষা চলাকালীন তাদের এই সাজা দেয়া হয়।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন পাবনার পুষ্পপাড়া কামিল মাদরাসা কেন্দ্রে নকল করার অভিযোগে ১৫ পরীক্ষার্থী ও সুজানগর উপজেলার ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজ কেন্দ্রে একই অভিযেগে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
একই সঙ্গে পরীক্ষায় নকল করার সুযোগ প্রদানের জন্য পুষ্পপাড়া কামিল মাদরাসা কেন্দ্রে ওই প্রতিষ্ঠানের ইংরেজি প্রভাষক ফারজানা ইয়াসমিন, জীববিজ্ঞানের প্রদর্শক সাদেক আলী ও নন্দনপুর আলিম মাদরাসার বাংলা প্রভাষক আজিজুর রহমান এবং ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের ভূগোলের প্রভাষক তরুন কান্তি মণ্ডল, আইসিটি বিভাগের প্রভাষক আশিক ইমরান ও তালিমনগর স্কুল এন্ড কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক আব্দুস সালামকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই সঙ্গে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা চলতি বছরে পরীক্ষা সংশ্লিষ্ট কোন কাজে অংশগ্রহণ করতে পারবেন না।
ইত্তেফাক/ইউবি
