মানিকগঞ্জে ৪৫ লাখ টাকার মালামালসহ ৯ ডাকাত আটক

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৬:৫৫
মানিকগঞ্জে ৪৫ লাখ টাকার মালামালসহ ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সদর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রিফাত রহমান শামীম এ তথ্য প্রদান করেন।
 
আটক করার সময় তাদের কাছ থেকে একটি হায়েচ গাড়ি, ২টি ছোরা, হাইড্রোলিক কাটার, স্লাইরেঞ্জ, কাটার প্লাস, ১২ ভোল্টের ৬৬টি ব্যাটারি, ৬ ভোল্টের ৫৩টি ব্যাটারি পাওয়া যায়।
 
আটকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার রাজনগর এলাকার মো. সোরহাব উদ্দিনের ছেলে সম্রাট (২৬), রংপুর জেলার গঙ্গাচর থানার চেংমারী এলাকার মোজাম্মেল হোসেন ছেলে মো. কামাল হোসেন (৩৫), মাদারীপুর জেলার শিবচর থানার চর বাছা মরা এলাকার চান মিয়ার ছেলে সোলাইমান (৪২), পাবনা জেলার সুজানগর থানার সাগরকান্দি এলাকার খলিল শেখের ছেলে শাহ আলম (৫০), রাজু আহম্মেদ (২৮), ড্রাইভার শহিদুল ইসলাম (৩০), বাবু (২৮), হৃদয় (২৮)।
 
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ থানা পুলিশ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জাগিরের পাট গবেষণা কেন্দ্র এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে সম্রাটকে একটি মাইক্রোবাসসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ১০/১২জন ডাকাত পালিয়ে যায়। পরে সম্রাটের দেয়া তথ্যানুযায়ি বাকি ৮ ডাকাত সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৫ লাখ টাকার দামের বিভিন্ন প্রকারের বড় বড় ব্যাটারি উদ্ধার করা হয়। এরা গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন বিভিন্ন বাজার থেকে ওই ব্যাটারি ডাকাতি করে নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখার এএসপি হামিদুর রহমান সিদ্দিকী, মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
 
ইত্তেফাক/আরকেজি