সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৮:২৪
সৌদি আরবে বাংলাদশি এক শ্রমিক আজিজুল তালুকদারকে (৪০) গুলি করে হত্যা করেছে খামিজ মোসায়েত নামে এক সৌদি নাগরিক। শুক্রবার দুপুরে সৌদি আরবের আবা ডিসট্রিক্ট’র খামিস মুসায়েত-এর সারাত আবিদা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত বাংলাদেশি শ্রমিকের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের চরমধুয়া গ্রামে। নিহত আজিজুলের পিতার নাম রমজান আলী তালুকদার। 
 
রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের সৌদি প্রবাসী লুৎফর রহমান ভূইয়া শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে আজিজুল তার দোকানে বসলে খামিজ মোসায়েত নামে এক সৌদিয়ান এসে কিছু সবজি কিনে টাকা না দিয়ে চলে যেতে চাইলে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং সৌদিয়ান দোকান থেকে ক্ষিপ্ত হয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরই পিস্তল নিয়ে দোকানে এসে আজিজুলের ছোট ভাই’র সামনেই আজিজুলকে লক্ষ্য করে ৫টি গুলি করে। এতে আজিজুল মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশের বাঙালিরা ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
 
নিহত আজিজুল ইসলাম তালুকদার প্রায় ১২ বছর ধরে সৌদিতে আছেন। গত ২০১৬ সালের ইউপি নির্বাচনে রায়পুরা উপজেলা চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার আশামনি (১২) নামে এক কন্যা, শাফিন তালুকদার (৬) ও ফাতিন তালুকদার (৪) নামে ২ পুত্র সন্তান রয়েছে।
 
ইত্তেফাক/এমআই