ইন্দুরকানীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টার সময় দুই কলেজ প্রভাষককে আটকের পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে। ইন্দুরকানী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মালেকে এক মাসে ও ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক আমিরুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ। শনিবার সন্ধ্যায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ইন্দুরকানীর এফ করিম মাদ্রাসার এইচএসসি পরীক্ষা কেন্দ্রের পার্শ্ববর্তী মাওলানা আমিরুল ইসলামের বাড়িতে বসে নকল সরবরাহের প্রস্তুতি নেয়া হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেই বাড়িতে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরাও পরে ইন্দুরকানী কলেজের প্রভাষক মাওলানা আমিরুল ইসলাম ও আব্দুল মালেক। তারা মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্নপত্র এনে উত্তর তৈরি করছিল। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, টেস্ট পেপারসহ কিছু বই পত্র উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ জানান, নকল সরবরাহের চেষ্টার অভিযোগে এই দুই শিক্ষককে দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
