সাভারের আশুলিয়ার মধুপুর থেকে রায়হান নামে এক বছরের একটি শিশুকে অপহরণ করে পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সময়মতো টাকা না দিলে ওই শিশুকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়েছে তারা। এঘটনায় অপহৃত ওই শিশুর পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
অপহৃত রায়হানের বাবা আবু তাহের জানান, গত বৃহস্পতিবার সকালে তাদের বাড়ির ভাড়াটিয়া গোলাপী আক্তার ও তার সহযোগীরা কৌশলে রায়হানকে অপহরণ করে নিয়ে যায়। এরপর গোলাপী তাদের বাড়ির মোবাইলফোনে কল করে জানায়, রায়হান তাদের হেফাজতে আছে। তাকে জীবিত পেতে হলে ১২ লাখ টাকা নিয়ে সিরাজগঞ্জ এলাকার যমুনা সেতুর কাছে যেতে বলেন।
রায়হানের মা রুমানা আক্তার জামান জানান, অপহরণকারীদের হোতা গোলাপী তার দুই ছেলে রানা ও রবিনকে নিয়ে আমাদের বাড়িতে ভাড়া থাকত। তার গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই থানা এলাকায়। সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়ায় আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।
আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, শিশু অপহরণের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। অপহরণকারীদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তি সাহায্য নেয়া হচ্ছে। পুলিশের ৩টি টিম শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করার পাশপাশি অপহরণকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।
ইত্তেফাক/আরকেজি
