বর্তমান সরকার জনবান্ধব: এমপি মনির

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ২২:৩০
সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার। বঙ্গবন্ধুকন্যা দেশের রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশ আজ পথ হারায়নি। বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকার স্কুল ও মাদ্রাসার মধ্যে ব্যবধান ঘুচিয়েছে। ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। বছরের প্রথমদিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে।
 
তিনি শনিবার সলুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
 
এমপি মনিরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়ে চৌগাছা-ঝিকরগাছার যে উন্নয়ন হয়েছে ইতোপূর্বের কোন সংসদ সদস্যের সময়ে তা হয়নি। চৌগাছা-ঝিকরগাছাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার প্রক্রিয়া শেষের পথে। এই চৌগাছার একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ প্রক্রিয়া শেষের পথে। এই ফুলসারা ইউনিয়নের কোন সড়ক আজ কাঁচা নেই। কোন বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ নেই। এটি বর্তমান সরকারের সাফল্য। গোটা চৌগাছা-ঝিকরগাছায় হাজার কোটি টাকার উপরে উন্নয়ন হয়েছে। সড়ক, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসার ভবন হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ি হয়েছে। দরিদ্রদের জন্য বাড়ির ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে চৌগাছা হাসপাতালকে একশত শয্যায় উন্নীত করা হয়েছে। যে উন্নয়ন শেখ হাসিনার সরকার করেছে, তা কোন সরকার করেনি। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসুদ চৌধুরীর উপর আস্থা রেখেছে। মাসুদ চৌধুরী এই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ইউপি চেয়ারম্যান থাকাকালে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। এই ফুলসারা ইউনিয়নের সন্তান হিসেবে এটা আপনাদের গর্বের বিষয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
অনুষ্ঠানে সংবর্ধিত মেহেদী মাসুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমার উপর আস্থা রেখেছেন এজন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এমপি, আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, বিশেষ করে আমার প্রাণপ্রিয় নেতা চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরকে। তাদের সবার প্রচেষ্টায় আজ আমি ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক থেকে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক হয়েছি। আমার রাজনৈতিক জীবনে সাথে থাকার জন্য আমার ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দকেও জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারাই জানেন বর্তমান সরকারের সময়ে আমি মাননীয় এমপি মহোদয়ের সহায়তায় এলাকার জন্য কি পরিমান উন্নয়ন করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
 
শনিবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত সংবর্ধনায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজান কবীর, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শান্তি মৃধা, সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া, সাবেক আইন সম্পাদক ও যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর আলম শাহিন মল্লিক, সাবেক শ্রম সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, অধ্যক্ষ ড. মুস্তানিচুর রহমান লাড্ডু, ধুলিয়ানি ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, সিংহঝুলি ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার নূর আহাম্মেদ, সম্পাদক মনিরুল ইসলাম মনি, চৌগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত মৎস চাষী আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব চুন্নু, সানোয়ার হোসেন বকুল, শহিদুল ইসলাম, চাঁদনী আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অহব্বায়ক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম আহব্বায়ক তৌহিদুর রহমান ও সোহেল কবীর, সদস্য মাস্টার ফারুক আহাম্মেদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শফিক হায়দার লাভলু, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন বিদ্যুৎ, ছাত্রলীগ নেতা সুমন সরকার, শামীম রেজা, রবিউল ইসলাম রুবেল, রুবেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এইচএম ফিরোজ প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি