গৌরনদীতে খালের মধ্যে অবৈধ ভবন ভাঙা হলো

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ০০:০২

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রামসিদ্ধি সরকারী খাল দখল করে পাকা ভবন নির্মাণ শুরু করে স্থানীয় প্রভাবশালী আলী আকবর গাজী। এ নিয়ে গত কয়েকদিন ইত্তেফাকে প্রতিবেদন প্রকাশিত হয়। শনিবার দুপুরে গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়ে তা গুড়িয়ে দিয়েছেন।

সরকারী নির্দেশ উপেক্ষা করে বার্থী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঙ্গিলা গ্রামের মৃত গনি গাজীর পুত্র আলী আকবর গাজী সরকারী খাল দখল করে প্রথমে টিনের ঘর তৈরি করে সামনে দোকান ও পিছনে বসবাস করে আসছিলেন। উক্ত স্থানে তার বসতি বিষয়ে আপত্তি করে আসছিল স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন শ্রমিক দিয়ে রামসিদ্ধি বাজার সংলগ্ন খালের মধ্যে টিনের ঘর ভেঙে পাকা ভবন নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়। খবরটি নজর কাড়ে সহকারী কমিশনারের। তিনি শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রভাবশালীদের নির্মান কাজ বন্ধ করে দেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ইত্তেফাক/নূহু