সাভারের আশুলিয়ায় গ্যাসের লাইন থেকে আগুন লেগে একটি বাড়ির তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার সকালে আশুলিয়ার ভাদাইল এলাকার মোহাব্বত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— আলমগীর (৪০), তার স্ত্রী আফরোজা খাতুন (৩০) ও ছেলে আলামিন (১২)। তারা ওই বাড়ির ভাড়াটিয়া।
জানা গেছে, সকালে রান্নার জন্য আফরোজা গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে গ্যাসের লাইন লিক থাকায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো রুমে ছড়িয়ে পড়ে। এতে আফরোজাসহ ঘুমিয়ে থাকা আলমগীর ও তার ছেলে আলামিন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত চলছে।
ইত্তেফাক/এএম
