শান্তিপ্রিয় ভাঙ্গাবাসীর শান্তিতে যারা বিঘ্ন ঘটাতে চেষ্টা করছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবেনা। দীর্ঘ ৪০ বছর পর ভাঙ্গায় যখন প্রতিটা ঘরে শান্তি ফিরে এসেছে, পাশাপাশি উন্নয়নের ছোঁয়া তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে ঠিক তখনই পরাজিত একটি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। জনবিচ্ছিন্ন হয়ে পড়া সেসব নেতাদের সময় থাকতে সর্তক হয়ে যাওয়ার জন্য আহ্বান করছি। সংঘর্ষে আহতদের ভাঙ্গা হাসপাতালে দেখতে এসে আজ রবিবার এসব কথা বলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
আজ সকালে এমপি নিক্সন চৌধুরী হাসপাতালে আসলে সেখানে শতশত নেতা-কর্মী ঘটনার দায়ীদের বিচারের দাবিতে শ্লোগান দেয়। এমপি এসময় সকলের উদ্দেশে আরো বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে পরাজিত নেতা ও তার অনুসারীরা ততই পাগলামী শুরু করছে। সকল পাগলামী জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
হাসপাতালে আহত রোগীদের দেখতে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর, কালামৃধা ইউপি চেয়ারম্যান লিঠু মাতুব্বর, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. হাসেম মিয়া প্রমুখ।
গত শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ও এমপি নিক্সন চৌধুরীর সর্মথকদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পরিবেশ নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ টিয়ার শেল নিক্ষেপসহ লাঠিচার্জ করে। সেসময় উভয় পক্ষের ২ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়।
ইত্তেফাক/এমআই
