গোপালপুরে পূর্বশত্রুতার জের ধরে উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামের মৎস চাষী মো. রেজাউল করিমের পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় পনের লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা যায়, মৎস চাষী মো. রেজাউল করিম ষাট শতাংশ জমির পুকুরে বাণিজ্যিক ভাবে পাঙ্গাস ও শিং মাছসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ চাষ করে আসছেন। শনিবার দিবাগত রাতে তার পুকুরে পূর্বশত্রুতার জের ধরে বিষ দেয়া হয়। নিধন করা মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় পনের লাখ টাকা।
খবর পেয়ে মৎস অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত ও পঁচে যাওয়া মাছ এবং পুকুরের পানি পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিকভাবে নিশ্চিত হন বিষ প্রয়োগের কারণে এ মাছ নিধন হয়েছে।
পুকুরের মালিক মৎস চাষী মো. রেজাউল করিম এ ব্যাপারে গোপালপুর থানায় অজ্ঞাতনাম বেশ কয়েকজনের বিরুদ্ধে মাছ নিধনের অভিযোগে একটি অভিযোগপত্র দাখিল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোপালপুর থানার এসআই মো. ইয়াসিন আরাফাত জানান, অভিযোগপত্রের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষ করে মামলা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
