কোটা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২০:৫২
আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা রবিবার শহরের বাইপাস মোড় এলাকায় সড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবি জানায়। বাইপাস মোড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুপুর ৩টা থেকে অবরোধ করে রাখে।
 
এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার সড়কে তীব্র যান জটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়’ স্লোগান দেয়া হয়।
 
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, আমাদের দাবি যৌক্তিক। আমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে কোটার সংস্কার করতে হবে। আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব।
 
আন্দোলনকারীদের ৫ দফা দাবি হচ্ছে, সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।
 
কোতোয়ালি মডেল থানা ওসি মাহমুদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে আলোচনা মাধ্যমে অবরোধ তুলে নেয়ার চেষ্টা চলছে। এদিকে, এ রিপোট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
 
ইত্তেফাক/আরকেজি