খুলনায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২২:২৫

কোটা পদ্ধতি সংস্কারের দাবি ও ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

রবিবার রাত সাড়ে ৮টা থেকে নগরীর জিরোপয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের খুলনা জেলা শাখা। এতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট), সরকারি বিএল কলেজসহ সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। রাত পৌঁনে ১০টা পর্যন্ত এ অবরোধ চলে।

এদিকে, শিক্ষার্থীরা আকস্মিকভাবে সড়ক অবরোধ করলে খুলনা-ঢাকা, খুলনা-সাতক্ষীরা, খুলনা-যশোর, খুলনা-বাগেরহাট, খুলনা-মোংলা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

উল্লেখ্য, কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা।

ইত্তেফাক/নূহু