পূর্বধলায় ৫ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২২:৩২

নেত্রকোনার পূর্বধলায় আজ রবিবার তানজিনা আক্তার (১২) নামের এক কিশোরীর গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা।

তানজিনা উপজেলার হোগলা ইউনিয়নের সাইরলপাড়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। স্থানীয় কোণাকালিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল তানজিনা।

নিহতের মা মোছাঃ হাদিছা জানান, তার মেয়ে আজ সকালের খাবার খেয়ে বিদ্যালয়ে যাওয়ার জন্য রওনা হচ্ছিল। হঠাৎ মাথা ব্যাথার কারণে আর বিদ্যালয়ে যায়নি। তখন তিনি বাড়ির বাইরে কাজ করছিলেন। কিছুক্ষন পর ঘরে এসে দেখেন তার মেয়ের দেহ ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান,  লাশ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

ইত্তেফাক/নূহু