গুটি আমে দোল খাচ্ছে চাষির স্বপ্ন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ০৯:৩৭
সারাদেশের ন্যায় সাতক্ষীরার তালা উপজেলারও বিভিন্ন গ্রামে আমবাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে গুটি আম। দখিনা মলয় হিল্লোলে দোল খাচ্ছে গুটি আমের থোকা। সেই সাথে দোল খাচ্ছে আম চাষির স্বপ্ন। আম পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। ইউরোপের বাজার ধরতে আমগাছে বিশেষ যত্ন নিচ্ছেন তারা। আর কিছু দিন পরেই বাজারে আসবে আম। জেলাজুড়ে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা আম বাগান কিনে পরিচর্যা করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলন হবে বলে আশা চাষিদের। ইতোমধ্যে বিভিন্ন বাজারে গুটি আম বিক্রি করা শুরু হয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের ঘরে ঘরে আমের টক, আমের ডাল, আমের চাটনি খাওয়ার ধুম পড়ে গেছে।
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর তালা উপজেলায় ৭০৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এরমধ্যে আমের বাগান রয়েছে ১৪শ' ৫০টি। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার মেট্রিকটন। সাতক্ষীরার মাটি ও আবহাওয়া আম চাষের অনুকূল হওয়ায় অন্য অঞ্চলে উৎপাদিত আমের চেয়ে তালা এলাকার আম খেতে বেশ সুস্বাদু। অত্র এলাকায় গোবিন্দভোগ, হিমসাগর, ন্যাংড়া, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, ক্ষিরসরাইসহ নানা জাতের আম বাগান রয়েছে।
 
ফারুখ হোসেন, আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, রাজু হোসেনসহ কয়েকজন আম চাষি জানান, প্রতিটি গাছে গাছে এখন আমের গুটির সমারোহ। মুকুলগুলো গুটিতে পরিণত হয়ে তার ভারেই নুয়ে পড়ছে ডালগুলো। গাছের গুটি ঝরা ঠেকাতে ইতিমধ্যে স্প্রে করা হয়েছে এবং গাছগুলো পরিচর্যা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে স্থানীয় চাহিদা মিটিয়েও আম বিদেশে রপ্তানি হবে বলে মনে করছেন তারা।
 
তালা উপজেলা কৃষি অফিসার মো. শামছুল আলম জানান, তালার আম গুণে-মানে সুস্বাদু। এ এলাকার মাটি আম চাষের উপযোগী। এবারও উপজেলায় প্রায় দেড় হাজার আম বাগান পরিচর্যা করা হচ্ছে। কয়েক বছর ধরে এ জেলার আম ইউরোপে রফতানি হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমের ফলন খুব ভাল হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
 
ইত্তেফাক/এসএস