শ্যামনগরে নারীকে গণধর্ষণের ঘটনায় ৩ ধর্ষক আটক

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৬:৫০
শ্যামনগরে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর আটুলিয়া গ্রামে।
 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ধর্ষককে আটক করেছে পুলিশ। তারা হলো, উত্তর আটুলিয়া গ্রামের মৃত্যু আব্দুল খালেক চৌকিদারের ছেলে আব্দুল্যাহ আল মামুন (১৬) এবং হাওয়ালভাঙ্গী গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে স্বজল হোসেন (১৯) ও গোলাম রব্বানী গাইনের ছেলে মো. মাসুম বিল্লাহ (১৭)।
 
মামলার অভিযোগে জানা গেছে, আটুলিয়া গ্রামে বাবার বাড়িতে ওই নারী ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে ছিলেন। সুযোগ বুঝে তিন যুবক ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে মুখ বেঁধে বাড়ির পিছনে বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
 
তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে ঘটনাটি মা-বাবাকে জানান। এ ঘটনায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে শ্যামনগর থানায় মামালা করেছেন। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি