গোপালগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। সোমবার সকাল ১০টার দিকে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।
সকাল ১০টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। রোগী ও জরুরি সেবা প্রত্যাশীরা পড়েন চরম দুর্ভোগে।
পুলিশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সমঝোতা বৈঠক করেন। অবশেষে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর ওই সড়ক যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূইয়া বলেন, ছাত্রদের কোটা আন্দোলন শুরুর আগে সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ক্লাস হয়েছে। বেলা ১১টার দিকে ক্লাস হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে শিক্ষার্থীদের আমরাও অনুরোধ করে মহাসড়ক থেকে উঠে আসতে অনুরোধ করি। দুপুর দেড়টার দিকে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে।
ইত্তেফাক/আরকেজি
