২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আসার আগে ব্রিটিশ দর্শকদের ‘মৃত্যুর প্রস্তুতি’ নেয়ার পরামর্শ দিল রাশিয়ান ফুটবল সমর্থকরা। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এ হুমকি দেয়া হল বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্যা সান’। গণমাধ্যমটি রাশিয়ান উগ্র সমর্থকদের ‘গুন্ডা’ হিসেবেই আখ্যা দিয়েছেন।
জানা যায়, রাশিয়ান সমর্থকরা ইতোমধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াগুলোতে উত্তেজনা তৈরি শুরু করেছে।

রাশিয়ান এক সমর্থক পোস্ট দেন, ‘আচ্ছা। তোমরা যুদ্ধ চাও, তাহলে সেটা হবে। লড়াই আমাদের রক্তে। এবার জুনে আমরা শুধু দুয়ো ধ্বনি নয় আরো অন্যকিছুও করব।’ আরেকজন বলেন, ‘তাদের (ব্রিটিশদের) মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসা উচিত’। অন্যজনের মন্তব্য, ‘জিমে গিয়ে তারাও অবশ্য কোনভাবে নিজেদের তৈরি করে নিতে পারে।’

প্রসঙ্গত, নার্ভ এজেন্ট ব্যবহার করে ব্রিটেনে এক সাবেক গোয়েন্দা ও তার মেয়েকে হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিককালে মস্কো ও লন্ডনের মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। দুই দেশই তাদের দুই দেশ থেকে তাদের কূটনীতিক প্রত্যাহার করে নিয়েছে। দ্যা সান।
ইত্তেফাক/রেজা
