নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার টেকপাড়া এলাকায় মো. সানাউল্লাহ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। এসময় অপর একজন আহত হয়েছেন।
অভিযোগ উঠেছে, মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সানাউল্লাহকে হত্যা করেছে। তবে এ ব্যাপারে নিহতের পরিবারের দাবী, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে আনন্দবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার ওসি মো. মোরশেদ আলম পিপিএম জানান, নিহত সানাউল্লাহ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ন্ত্রকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
