নড়াইল পাসপোর্ট অফিস থেকে দালালসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। এরা হলেন-নুর ফাতেমা (২১) ও জয়নাব বিবি (২৫)।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে রোহিঙ্গা দুই বোনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এর আগে গত সোমবার দুপুরে নড়াইলের আলাদাতপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই বোনকে আটক করা হয়। ৫০ হাজার টাকার বিনিময়ে দালাল চক্রের সদস্য কামাল হোসেন (২৫) তাদের পাসপোর্ট করিয়ে দেয়ার কথা বলে নড়াইলে নিয়ে আসেন। এ সময় কামালকে আটক করা হয়। কামাল বান্দরবান জেলার আদর্শ গ্রামের সৈয়দ নবীর ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দালাল চক্রের মাধ্যমে নড়াইল পাসপোর্ট অফিসে আসেন নুর ফাতেমা ও জয়নাব। কথায় সন্দেহ হলে তাদের আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে কক্সবাজারের উখিয়ায় কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে দিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/ইউবি
