জিম্বাবুয়ের মাটিতে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া

আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২২:০৮
আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে জিম্বাবুয়ের মাটিতে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আজ আসন্ন ত্রিদেশীয় সিরিজে সূচি ঘোষণা করা হয়েছে। পহেলা জুলাই থেকে শুরু হবে সিরিজটি। ৮ জুলাই ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। 
 
২০১৪ সালের জুলাইয়ের পর আবারো জিম্বাবুয়ে সফর করবে অস্ট্রেলিয়া। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছিলো অসিরা। জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়ার সাথে তৃতীয় দল হিসেবে ছিলো দক্ষিণ আফ্রিকা। 
 
আসন্ন টুর্নামেন্ট দিয়েই প্রথমবারের মত জিম্বাবুয়ের মাটিতে টি-২০ ফরম্যাটে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোটর্স ক্লাব মাঠে। 
 
ত্রিদেশীয় সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে ও পাকিস্তান। এমন খবর নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের ক্রিকেট ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল হাসনাইন। তিনি বলেন, ‘আলোচনার কয়েক মাস পর আমরা আনন্দের সাথে নিশ্চিত করতে পারি অস্ট্রেলিয়া-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-২০ আয়োজন করবো আমরা। টি-২০ সিরিজ শেষে পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে।’ 
 
সিরিজ সূচি :
 
১ জুলাই : জিম্বাবুয়ে-পাকিস্তান
২ জুলাই : অস্ট্রেলিয়া-পাকিস্তান
৩ জুলাই : জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া
৪ জুলাই : জিম্বাবুয়ে-পাকিস্তান
৫ জুলাই : অস্ট্রেলিয়া-পাকিস্তান
৬ জুলাই : জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া
৮ জুলাই : ফাইনাল
 
ইত্তেফাক/কেআই