কৃষি নিয়ে ৫ শতাধিক গান রচনা করেছেন আক্কাছ আলী

আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১২:৩০
আক্কাছ আলী (৬৪)। নয়া কৃষি আন্দোলনের একজন কৃষক ও নিরাপদ খাদ্য বিষয়ে নয়াকৃষি আন্দোলনের একজন আন্দোলন কর্মী। দীর্ঘ প্রায় ২২ বছর ধরে কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
 
আক্কাছ আলীর বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ী গ্রামে। তার বাবার নাম মরহুম নিয়ামত আলী মিয়া, মা মরহুমা তছিরন বেগম। একান্ত সাক্ষাৎকারে তিনি জানান তার অনুভূতির কথা। ১৯৯৬ সালে তিনি নয়াকৃষি আন্দোলনের সাথে যুক্ত হন। তখন থেকেই কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করেন। রাসায়নিক ও বিষমুক্ত ফসল চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দেন। কিন্তু তখন এই পদ্ধতিগুলো অনেকের কাছে হাস্যকর ছিল বলে তিনি জানান।
 
আক্কাছ আলী জানান, বর্তমানে তার এ পদ্ধতিগুলো বাস্তবায়নের জন্য সরকারিভাবেও ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে তার দীর্ঘদিনের কষ্ট সার্থক হয়েছে বলে তিনি খুশি। তিনি কৃষির উপর তাৎক্ষণিক গান রচনা করতে পারেন। কৃষি বিষয়ের উপর এ পর্যন্ত তিনি ৫শ' ৫৯টি গান রচনা করেছেন। সবগুলো গানে তিনি সুরও দিয়েছেন। একাধারে তিনি একজন গীতিকার, সুরকার ও শিল্পীও।
 
তিনি আরও জানান, কৃষি বিষয়ের উপর অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের জন্য নয়াকৃষি আন্দোলনের মাধ্যমে তিনি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও ফিলিপাইন ভ্রমণ করেছেন। কৃষির উপরে তিনি বেশ কয়েকটি নাটিকা রচনা ও মঞ্চায়িত করেছেন। এইচএসসি পাশ ও ৬৪ বছর বয়সী আক্কাছ আলী এখনও মাতিয়ে বেড়ান দেলদুয়ারের কৃষি অঙ্গন। ভালো পৃষ্ঠপোষকতা পেলে কৃষি ও কৃষকদের জন্য কাজ করে যেতে চান এই গুণী ব্যক্তি।
 
ইত্তেফাক/এসএস