সাভারে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম আসাদুজ্জামান রুবেল (২৭)। মঙ্গলবার গভীর রাতে সাভার পৌর এলাকার তারাপুর মহল্লার জনৈক জাফর আলীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আসাদুজ্জামান সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানায় কর্মরত ছিলেন। তিনি খুলনা জেলার কয়রা থানার জায়গীরমোড় গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে।
পুলিশ জানায়, রাতে রুবেল একটি রুমে দরজা বন্ধ করে দীর্ঘ সময় অবস্থান করেন। এসময় পরিবারের স্বজনরা রুবেলকে ডাকাডাকি করলে ভেতর থেকে কোনও সাড়া পায়নি। বিষয়টি সন্দেহ হলে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুবেলের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
