রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ থেকে জেলায় শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসুক উৎসব।
আজ বৃহস্পতিবার ভোরে চাকমা রাজবাড়ী ঘাটে আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন খীসা নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা করেন। এ সময় পাহাড়ি চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষ এ সময় কাপ্তাই হ্রদের পাড়ে ফুল ভাসান।
অনুষ্ঠানে উৎসব কমিটির সদস্য বিজয় কেতন চাকমা, ইন্দ্র দত্ত তালুকদারসহ চাকমা সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন শহরের গর্জনতলী এলাকায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যে দিয়ে বৈসুক উৎসবের সূচনা করেন। এ সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ও জেলা পরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন।
IMG0
পরে নৌকা বাইজ প্রতিযোগিতা ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও ত্রিপুরাদের গড়াইড়া নৃত্য পরিবেশিত হয়। ঐতিহ্য অনুযায়ী আজ পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিন দিনের সার্বজনীন উৎসব শুরু হয়। আগামীকাল ১৩ এপ্রিল উদযাপিত হচ্ছে মূল বিজু। আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ গোজ্যাপোজ্যে দিন ও বর্ষবরণ উৎসব।
ইত্তেফাক/এসএস
