তিনি আসবেন। সেই অপেক্ষায় যেন অধীর হয়ে উঠেছিল পুরো গোল্ড কোস্ট। অবশেষে বুধবার রাতে কমনওয়েলথ গেমস দেখতে এই শহরে পা রাখেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। সেখানে আসার পর শুনালেন নিজের প্রথম জীবনের কাহিনী। ছেলেবেলায় নাকি বোতল দিয়ে ফুটবল বানিয়েও খেলতেন তিনি।
গোল্ডকোস্টে সংবাদ সম্মেলনে বোল্ট বলেন, ‘জ্যামাইকার এক প্রত্যন্ত গ্রামে আমার জন্ম। রাস্তায়-রাস্তায় ফুটবল খেলেছি। সব সময় তো আসল ফুটবল পেতাম না। হাতের কাছে যা পেতাম সেটাই বল বানিয়ে নিয়ে খেলতাম। প্লাস্টিকের বোতল, কাপড়ের বান্ডিল কিছুই বাদ ছিলো না। তখন কল্পনাতেও ছিলো না একদিন এতটা পথ পাড়ি দিয়ে এত দূর অবধি আসতে পারবো।
বোল্ট ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন এমন একটা গুজব শোনা যায়। সেটাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ওরকম কিছু এখনো ঘটেনি। তবে ফুটবলের বিষয়ে আমি খুবই সিরিয়াস। ম্যানইউর সঙ্গে তার ভবিষ্যতে একটা সম্পর্ক গড়ে উঠলে উঠতেও পারে বলে মন্তব্য করেন বোল্ট।
২০০৯ সালে বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ড গড়েন বোল্ট। এখনও সেই রেকর্ড ভাঙতে পারেননি কেউ। গত বছর অবসর নিয়েছেন বোল্ট। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে গতির লড়াইয়ে তার রেকর্ড কখনও ভাঙবে কিনা- এমন প্রশ্নে বোল্ট হাসতে হাসতে বলেন, রেকর্ড তো ভাঙার জন্যই গড়া হয়। আর আমার তো মনে হয়, কেউ না কেউ অচিরেই আমার রেকর্ডগুলো ঠিক ভেঙে ফেলবে।
ইত্তেফাক/কেআই
