উল্লাপাড়ার লাহিড়ীমোহনপুর বাজারে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত দুধ সামগ্রী তৈরির বিভিন্ন কারখানা ও দোকানে ভেজাল বিরোধী অভিযান চালান। এ সময় দুধ ব্যবসায়ী শামছুল আলমকে (৫৫) আটক করে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
শামছুল আলম স্থানীয় পারএলংজানি গ্রামের বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার মোহনপুর বাজার থেকে ১৬০ লিটার ভেজাল দুধও জব্দ করেন। পরে এসব দুধ মাটিতে ঢেলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারুক সুফিয়ান, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম ও ওসি গোলাম মোস্তফা।
উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানেটারি পরিদর্শক এসএম শহিদুল ইসলাম জানান, বেশ কিছু দিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ দিয়ে দই, ঘি, মিষ্টি ও ছানা তৈরি করে স্থানীয়ভাবে এবং দেশের বিভিন্নস্থানে বিক্রি করে আসছিলেন বলে স্থানীয় লোকজন স্বাস্থ্য বিভাগের কাছে অভিযোগ করেছেন।
ইত্তেফাক/আরকেজি
