অভয়নগরে রবিউল (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে বন্ধুদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের ৬ ঘণ্টা পর প্রধান হত্যাকারি আরিফকে (২০) আটক করেছে পুলিশ। রবিউল উপজেলার বুইকরা গরুহাটা এলাকার মৃত আক্কাস মোল্যার ছেলে।
অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আকিজ জুট মিল সংলগ্ন রেল লাইনের পাশ থেকে রবিউল নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই রাতে অভিযান চালিয়ে প্রধান হত্যাকারি আরিফকে মনিরামপুর উপজেলা থেকে আটক করা হয়। আটক আরিফ উপজেলার তালতলা রেল বস্তির আলি হোসেন সরদারের ছেলে।
শুক্রবার সকালে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থলের পাশে সেফটিক ট্যাংক থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করে পুলিশ। এছাড়া পলাতক আসামিদের খোঁজে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান।
আরিফ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে তারই বন্ধু রবিউলকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আকিজ জুট মিলের পিছনে তার বাসায় নিয়ে যান। সেখানে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে তিনি ও তার তিন বন্ধু।
ইত্তেফাক/আরকেজি
