কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুটি ইউনিয়নে কালবৈশাখীর ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে শিলাবৃষ্টি থামলেও প্রায় ঘণ্টাব্যাপী কালবৈশাখীর তাণ্ডব চলে। ফলে উপজেলার ধর্মপুর, কাশিপুর, অনন্তপুর, উত্তর অনন্তপুর, খালিশাকোটাল এলাকার প্রায় ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও জানান, ১ বৈশাখেই কালবৈশাখী ঝড়। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তালিকা করা হচ্ছে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা দেয়া হবে।
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল বলেন, তার ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে দু’শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ঘর হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। ঝড়ে আহত হয়েছেন পাঁচজন।
এ নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, খলিশাকোঠাল গ্রামের কয়েকটি বাড়ি-ঘর কালবৈশাখীর ঝড়ে ভেঙ্গে গেছে। সেই সাথে কৃষকদের পাঁচ শতাধিক গাছ উপরে পড়েছে।
ইত্তেফাক/আরকেজি
